
দিনের যে কোনো সময় চোখ বন্ধ করেও বাড়ির ড্রয়িংরুমের মতো পরিষ্কার দেখতে পাই পাঁচটা ক্রিকেট মাঠ। ব্রেবোর্ন, এসসিজি , এমসিজি ,লর্ডস এবং ওভাল। মিলিত হিসেব করলে জীবনের কয়েকটা বছর কেটেছে এই মাঠগুলোর কভারেজে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অন্য কোথাও হলে এমন দুঃসাহস দেখাতাম কিনা নিশ্চিত নই। কিন্তু কেনিংটন ওভালের প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সঙ্গে সেই সাতাশিতে জীবনের প্রথম বিলেত সফর থেকে অভ্যস্ত। তাই ঠিক করেছি টিভি দেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচদিনই ম্যাচ রিপোর্ট করবো কলকাতা টিভি অনলাইনে । মতি নন্দী ফেসবুক দেখে যাননি। ওপরে পোস্ট দেখার উপায় থাকলে নির্ঘাত প্ৰশ্ন করতেন ,ওভাল-বৈঠক কেন ? এজন্য যে কূটনৈতিক বৈঠকেও পরস্পরের মহড়া নেওয়ার একটা ব্যাপার থাকে। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ !! মাঠের রক্তক্ষয়ী বৈঠক । কোথায় ঘটছে ? না চির ঐতিহাসিক ওভাল মাঠে। অজিত ওয়াদেকারের কল্যাণে যার সঙ্গে আলাপ সেই স্কুলজীবন থেকে। ভাবা মাত্র এত দূরে বসেও এক্সাইটেড লাগছে। কাল থেকে রোজ লিখবো। যদি পড়তে ইচ্ছে করে —এই পেজ এবং কলকাতা টিভি অনলাইন লক্ষ্য রাখবেন।
